যুক্তরাজ্যে ট্রাভেলিং ফেলোশিপ
“অভিনন্দন! যুক্তরাজ্যে এবং IFSSH কংগ্রেসে আপনাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষা করছি”—শীতের এক সুন্দর সকালে দীর্ঘ প্রতীক্ষিত ইমেইলটি পাই। লন্ডনে UK ট্রাভেলিং ফেলোশিপ ২০২২-এ অংশ নেওয়া সৌভাগ্যবান ফেলোদের একজন ছিলাম আমি।
বাংলাদেশের একজন তরুণ প্লাস্টিক সার্জন হিসেবে তখন হ্যান্ড সার্জারিতে আমার অভিজ্ঞতা ছিল অল্প। তবে হাতের বিকৃতি, বিশেষত জন্মগত সমস্যা থাকা শিশুদের অস্ত্রোপচার করার ইচ্ছা সবসময় ছিল। BSSH/BFIRST-এর হ্যান্ড সার্জারিবিষয়ক অনলাইন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতাম, কিন্তু হাতে-কলমে অভিজ্ঞতার ঘাটতি ছিল।
এই ফেলোশিপের মাধ্যমে কনসালট্যান্ট প্লাস্টিক ও হ্যান্ড সার্জন মি. Wee Leon Lam-এর তত্ত্বাবধানে গ্লাসগো ও এডিনবরার বিভিন্ন হ্যান্ড সার্জারি কেন্দ্রে দুই সপ্তাহের ক্লিনিক্যাল অবজারভারশিপ প্রশিক্ষণের সুযোগ পাই। BSSH পুরো ফেলোশিপের অর্থায়ন করে। লন্ডনে ৬–১০ জুনের সম্মেলনে বিনা ফিতে নিবন্ধনের সুযোগও পাই। আমার পাঁচটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনের জন্য গৃহীত হয় এবং তিনটি সারসংক্ষেপ ২০২২ সালের জুনে The Journal of Hand Surgery, European Volume-এ প্রকাশিত হয়।
ফেলোশিপের অ্যাটাচমেন্ট শুরু হয় ২৩শে মে ২০২২। গ্লাসগো ও এডিনবরার চারটি হাসপাতালে কাজের সুযোগ পাই। হ্যান্ড ক্লিনিক ও অপারেশন থিয়েটারে অংশ নিই স্টোবহিল হাসপাতাল, রয়্যাল হসপিটাল ফর চিলড্রেন, গ্লাসগো রয়্যাল ইনফার্মারি হাসপাতাল এবং এডিনবরার রয়্যাল হসপিটাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপলে।

ছবি: স্টোবহিলের অপারেশন থিয়েটারে আমার কনসালট্যান্ট মি. Iain McGraw-এর সঙ্গে
হাতের জন্মগত সমস্যা থাকা শিশুদের চিকিৎসা বেশ জটিল। পরামর্শের সময়, শিশু ও অভিভাবকদের সঙ্গে আচরণ, কাউন্সেলিং, হ্যান্ড থেরাপি, ফলোআপ এবং রোগীর তথ্য সংরক্ষণের পদ্ধতিগত পার্থক্য শেখার প্রতি আমার বিশেষ মনোযোগ ছিল।
গ্লাসগোর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসে নৈশভোজে আমন্ত্রণ পাই—নিম্ন ও মধ্যম আয়ের দেশের একজন সার্জনের জন্য যা অত্যন্ত কাঙ্ক্ষিত স্থান। আরও তিনজন ফেলো সহকর্মীর সঙ্গে আমি আমার কাজ ও কর্মস্থল নিয়ে উপস্থাপনা করি। গ্লাসগো ও এডিনবরার অন্য হ্যান্ড সার্জনদের উপস্থিতিতে সন্ধ্যাটি ছিল চমৎকার ও স্মরণীয়।

ছবি: গ্লাসগোর রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসে স্মরণীয় একটি সন্ধ্যা
২রা জুন আমরা লন্ডনে পৌঁছাই। ৬–১০ জুন এক্সেল লন্ডনে IFSSH, IFSHT ও FESSH-এর যৌথ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ৩ জুন ছিল আমাদের ফেলোশিপ দিবস; ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সার্জনসে শিক্ষামূলক অধিবেশন দিয়ে দিন শুরু হয়। মি. Wee Leon Lam ও মিস Gill Smith হাতের জন্মগত সমস্যা নিয়ে অসাধারণ একটি অধিবেশন পরিচালনা করেন।

ছবি: ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সার্জনসে শিক্ষামূলক সকালের অধিবেশন
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩২ জন IFSSH ফেলোর সঙ্গে চমৎকার সম্মেলন, অসংখ্য বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপনা, নৈশভোজ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে ফেলোশিপের যাত্রা শেষ হয়।

ছবি: এক্সেল লন্ডনে, ৬–১০ জুন ২০২২
এই ফেলোশিপ অ্যাটাচমেন্ট রোগীর চিকিৎসায় আমার অস্ত্রোপচারবিষয়ক জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দক্ষতা বাড়িয়েছে। হাতের জন্মগত সমস্যার চিকিৎসায় আমার বিশেষ মনোযোগ ছিল। দেখেছি, হ্যান্ড ক্লিনিকে কনসালট্যান্টরা দলে হ্যান্ড থেরাপিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে যুক্ত করেন। শিশুর চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের মানসিক সহায়তা দেওয়াও গুরুত্বপূর্ণ, বিশেষত জন্মগত সমস্যার ক্ষেত্রে। সহমর্মিতার সঙ্গে এসব রোগীর যত্ন নেওয়া শিখেছি।
রোগ, চিকিৎসাপদ্ধতি ও সম্ভাব্য জটিলতা সম্পর্কে রোগী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া এবং সম্মতি নেওয়ার প্রক্রিয়া এখানে আরও সুশৃঙ্খল। অল্প সময়ে এত কিছু পর্যবেক্ষণ ও শেখা কঠিন ছিল। তাই ফেলোশিপের সময় বাড়ানো এবং সম্ভব হলে ফেলোদের অপারেশন থিয়েটারে স্ক্রাব করে অংশ নেওয়ার সুযোগ দেওয়া আরও সহায়ক হবে।
হ্যান্ড ক্লিনিক ও অপারেশন থিয়েটারে অংশ নেওয়ার পাশাপাশি গ্লাসগো ও এডিনবরায় চমৎকার সময় কাটিয়েছি। ঘুরে বেড়ানো, ঐতিহাসিক স্থান ও এডিনবরা ক্যাসল দেখা এবং আমাদের কনসালট্যান্ট মি. Wee Lam-এর আয়োজিত নৈশভোজ স্মরণীয় ছিল।
আমার ফেলোশিপের যাত্রা,২২ মে থেকে ১০ই জুন, জীবনের এমন একটি স্মরণীয় ঘটনা যা সবসময় মনে রাখব। নিম্ন ও মধ্যম আয়ের দেশের একজন তরুণ প্লাস্টিক সার্জন হিসেবে পুরো খরচ বহন করা কঠিন ছিল। এত সুন্দর ফেলোশিপ আয়োজন এবং আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য IFSSH, BSSH, BFIRST ও FESSH-এর প্রতি আমি কৃতজ্ঞ। UK ট্রাভেলিং ফেলোশিপ IFSSH ২০২২ আমাকে হ্যান্ড সার্জারির অসাধারণ জগৎ ও মানুষদের সঙ্গে পরিচিত করেছে।

ছবি: এক্সেল লন্ডনে ফেলোশিপের সমাপনী অনুষ্ঠান, ১০ জুন ২০২২
এই ফেলোশিপ আমাকে হ্যান্ড সার্জারির সাম্প্রতিক অগ্রগতি শেখা, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরিচিত হওয়া এবং দক্ষ হ্যান্ড সার্জন হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ দিয়েছে।
IFSSH-এর জন্য শুভকামনা। আশা করি, হ্যান্ড সার্জনদের জন্য এই সুযোগ তারা অব্যাহত রাখবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
মোছা. নূরুন্নাহার বেগম


