বিফার্স্ট ফেলোশিপ: আমার অভিজ্ঞতা

Dr. Nurunnahar Lata with surgical colleagues

“আপনার আবেদন সফল হয়েছে এবং আপনাকে ২০২৫ সালের একটি ফেলোশিপ দেওয়া হয়েছে।” দীর্ঘ প্রতীক্ষিত এই ইমেইল আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে আসে। ২০২৫ সালের BFIRST ফেলো হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের ছিল।

যুক্তরাজ্যের লিডস জেনারেল ইনফার্মারির (LGI) প্লাস্টিক ও হ্যান্ড সার্জারি ইউনিটে কনসালট্যান্ট প্লাস্টিক ও হ্যান্ড সার্জন মিস Grainne Bourke-এর তত্ত্বাবধানে ছয় সপ্তাহের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সম্পূর্ণ অর্থায়ন এবং ফেলোশিপ দেওয়ার জন্য BFIRST-এর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। ব্যস্ত একটি উচ্চতর রেফারেল কেন্দ্রে আধুনিক প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জারি পর্যবেক্ষণের এই অমূল্য সুযোগ আমার চিকিৎসাগত দক্ষতা ও পেশাগত জ্ঞান সমৃদ্ধ করেছে।

আমি বাংলাদেশের একজন প্লাস্টিক সার্জন। শিশুদের, বিশেষত হাতের জন্মগত সমস্যা, পোড়ার পর বিকৃতি ও আঘাত নিয়ে কাজ করতে আমার প্রবল আগ্রহ। উচ্চ ভোল্টেজের বিদ্যুতে মারাত্মকভাবে পোড়া এবং পোড়ার কারণে অঙ্গচ্ছেদ হয়েছে এমন রোগীদেরও চিকিৎসা করেছি। হাত প্রতিস্থাপন ও মায়োইলেকট্রিক হাতের মতো উন্নত সুবিধার মাধ্যমে অঙ্গ হারানো মানুষের কল্যাণে কাজ করা এবং হাতের জন্মগত সমস্যা নিয়ে সচেতনতা ও সহায়তা বাড়ানো আমার দীর্ঘমেয়াদি আগ্রহের বিষয়। তবে বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে অতি বিশেষায়িত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্রোপচার শেখার সুযোগ সীমিত। বিশেষত হ্যান্ড সার্জারিতে দক্ষতা বাড়াতে BFIRST ফেলোশিপে আবেদন করি এবং সৌভাগ্যক্রমে নির্বাচিত হই।

লিডস জেনারেল ইনফার্মারিতে মিস Grainne Bourke-এর নির্দেশনায় অসাধারণ শিক্ষার পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমার দেখা সবচেয়ে আত্মবিশ্বাসী, দক্ষ ও অনুপ্রেরণাদায়ী হ্যান্ড সার্জনদের একজন তিনি। LGI প্লাস্টিক, পুনর্গঠনমূলক, হ্যান্ড ও মাইক্রোসার্জারির একটি সুপরিচিত উৎকর্ষ কেন্দ্র। সেখানে সমন্বিত চিকিৎসা, গবেষণালব্ধ প্রমাণভিত্তিক চর্চা ও অস্ত্রোপচারে উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হয়। কনসালট্যান্ট, রেজিস্ট্রার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁদের সুশৃঙ্খল পাঠদান ও সহযোগিতাপূর্ণ আচরণ আমার শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

অ্যাটাচমেন্ট চলাকালে হ্যান্ড ক্লিনিক, অপারেশন থিয়েটার, ওয়ার্ড রাউন্ড, বিভিন্ন বিভাগের সমন্বিত দলের (MDT) সভা এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিই। প্রথম দিনেই দুই হাতে প্রতিস্থাপন করা এক রোগীর দ্বিতীয় ধাপের অস্ত্রোপচার দেখি—জীবনে একবার পাওয়ার মতো অসাধারণ অভিজ্ঞতা। অধ্যাপক Simon Kay এবং অন্যান্য কনসালট্যান্ট প্লাস্টিক ও হ্যান্ড সার্জনের সঙ্গে হাত প্রতিস্থাপনের রোগীদের ফলোআপ ক্লিনিকেও অংশ নিই, যা ছিল অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয়।

image

মিস Grainne Bourke-এর সঙ্গে

পুরো ফেলোশিপে আমার মূল মনোযোগ ছিল হ্যান্ড সার্জারি। হাতের আঘাত, টেন্ডন ও স্নায়ুর ক্ষতি, হাতের জন্মগত সমস্যা, ব্র্যাকিয়াল প্লেক্সাসের আঘাত, মাইক্রোসার্জারিতে পুনর্গঠন, ত্বকের ক্যানসারের পর পুনর্গঠন এবং আঘাতের পর বিকৃতিসহ বিভিন্ন চিকিৎসা দেখি। রোগীর সেবায় সুশৃঙ্খল পদ্ধতি, কার্যক্ষমতা ফিরিয়ে আনায় গুরুত্ব এবং হ্যান্ড থেরাপিস্টদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় আমাকে বিশেষভাবে মুগ্ধ করে। নিজ দেশে চিকিৎসার ফল উন্নত করতে এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। রোগীর নিরাপত্তা, নিখুঁত অস্ত্রোপচার কৌশল, জটিলতা সামলানো ও প্রমাণভিত্তিক চর্চার প্রতি গুরুত্ব আধুনিক প্লাস্টিক সার্জারি সম্পর্কে আমার বোঝাপড়া অনেক বাড়িয়েছে।

অস্ত্রোপচারের দক্ষতার বাইরেও ক্লিনিক্যাল গভর্ন্যান্স, যথাযথ নথি সংরক্ষণ, অবহিত সম্মতি, সংক্রমণ নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিভাগের সমন্বিত দলগত কাজের গুরুত্ব এই ফেলোশিপে আরও গভীরভাবে উপলব্ধি করেছি। মানসম্পন্ন স্বাস্থ্যসেবার জন্য এগুলো অপরিহার্য এবং নিজ প্রতিষ্ঠানেও এসব ক্ষেত্রে আরও উন্নয়ন করতে চাই।

শিশুদের হ্যান্ড ক্লিনিকে অংশ নেওয়া ছিল ফেলোশিপের অন্যতম আনন্দময় অভিজ্ঞতা। বড় একটি হলে অনেক শিশু ও তাঁদের পরিবার জড়ো হতেন। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে কনসালট্যান্ট, অধ্যাপক, ফেলো ও ফিজিওথেরাপিস্টরা সুশৃঙ্খলভাবে সেবা দিতেন। অস্ত্রোপচারের পরিকল্পনা, পরবর্তী ফলোআপ, পুনর্বাসন, অভিভাবকদের পরামর্শ ও সম্মতি নেওয়ার বিষয়ে শেখার জন্য ক্লিনিকগুলো ছিল চমৎকার।

নিজ তত্ত্বাবধানে কাজের সুযোগ, নিয়মিত দিকনির্দেশনা ও উৎসাহের জন্য মিস Grainne Bourke-এর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। অধ্যাপক Simon Kay, মি. Robert Bains, মি. Waseem Bhat, মিস Rachel Currie, ডা. Kavit Amin এবং অন্য সব কনসালট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, নার্স ও কর্মীকে তাঁদের আন্তরিক গ্রহণযোগ্যতা এবং আমার অবজারভারশিপ স্মরণীয় করে তোলার জন্য ধন্যবাদ জানাই। ফেলোশিপের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ সহায়তার জন্য মিস Kate Radcliffe এবং সব আনুষ্ঠানিক প্রক্রিয়া দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করায় প্রশাসনিক কর্মকর্তা মি. Bojan-কে বিশেষ ধন্যবাদ।

image

মিস Grainne Bourke-এর সঙ্গে

ফেলোশিপের অংশ হিসেবে লন্ডনে মিস Lauren Uppal ও মি. George Murphy আয়োজিত হাত ও কবজির উন্নত ক্যাডাভেরিক ডিসেকশন কোর্সেও অংশ নিই। সহযোগিতাপূর্ণ ও বন্ধুসুলভ প্রশিক্ষকদের নিয়ে কোর্সটি অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত হয়েছিল। ফ্ল্যাপ ডিসেকশন, স্নায়ুর চাপমুক্ত করার পদ্ধতি, জয়েন্ট প্রতিস্থাপনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করি।

image

লন্ডনে ক্যাডাভেরিক ডিসেকশন কোর্সের দলের সঙ্গে

পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি লন্ডন, কলচেস্টার, হ্যারোগেট ও ইয়র্কসহ কয়েকটি শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছি। লিডস নিজেও চমৎকার একটি শহর, যার মানুষ আন্তরিক ও অতিথিপরায়ণ। সেখানকার দিনগুলো আমার খুব মনে পড়ে।

BFIRST ফেলোশিপ আমার পেশাগত উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। হ্যান্ড সার্জারি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি অনেক বিস্তৃত হয়েছে, যা বাংলাদেশে আমার চিকিৎসাচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে। অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে আরও উন্নত রোগীসেবা দিতে এবং সহকর্মী ও নবীন প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করতে পারব। সীমিত সম্পদের পরিবেশে সক্ষমতা বৃদ্ধিতে তা অবদান রাখবে।

লিডস জেনারেল ইনফার্মারিতে BFIRST ফেলোশিপ অবজারভারশিপ ছিল অত্যন্ত ফলপ্রসূ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। এই সুযোগের জন্য BFIRST কমিটি এবং প্রশিক্ষণজুড়ে পরামর্শ, দিকনির্দেশনা ও অবিচল সহযোগিতার জন্য মিস Grainne Bourke-কে আন্তরিক ধন্যবাদ। প্লাস্টিক ও হ্যান্ড সার্জন হিসেবে আমার কর্মজীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা পেশাগত বিকাশ ও আন্তর্জাতিক শিক্ষাগত সহযোগিতায় অনুপ্রাণিত করেছে।

আপনাদের সবাইকে ধন্যবাদ।


ফর্মের শুরু

ফর্মের শেষ

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

উপরে ফিরে যান